এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৯ নভেম্বার ২০২৫, ০৭:১১ এ এম • অনলাইন সংস্করণ

ড্যান গোল্ডম্যানের আসনে লড়ার ভাবনায় ব্র্যাড ল্যান্ডার

ড্যান গোল্ডম্যানের আসনে লড়ার ভাবনায় ব্র্যাড ল্যান্ডার

নিউইয়র্ক সিটির বিদায়ী কম্পট্রোলার ও একসময়ের মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার জানিয়েছেন, তিনি মার্কিন কংগ্রেসের ম্যানহাটন ও ব্রুকলিনের আসনে লড়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। বর্তমানে আসনটি দখলে রেখেছেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান।

শুক্রবার (৮ নভেম্বর) ল্যান্ডার আমনিউইয়র্ক-কে বলেন, “হ্যাঁ, আমি বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করছি।” এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করলেন যে, গোল্ডম্যানের বিরুদ্ধে প্রার্থী হওয়ার চিন্তা করছেন। এর আগে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ‘সোমোস’ সম্মেলনে তিনি ক্রেইন্স ও পলিটিকোকে একই ইঙ্গিত দেন।

গোল্ডম্যানের মুখপাত্র সিমোন কান্টার এ বিষয়ে বলেন, “আমরা এখনো তেমন কিছু ভাবিনি। তিনি সিদ্ধান্ত নিলে জানাবেন।” এরপর যোগ করেন, “ড্যান এখন কংগ্রেসে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা ফিরিয়ে আনা এবং ট্রাম্পের কর্তৃত্ববাদী রাজনীতির বিরোধিতা নিয়েই মনোযোগী, দলীয় সহকর্মীদের সঙ্গে লড়াই নয়।”

২০২২ সালে নতুনভাবে নির্ধারিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট–১০ থেকে নির্বাচিত হয়ে গোল্ডম্যান ২০২৩ সাল থেকে কংগ্রেসে দায়িত্ব পালন করছেন। এই আসনে রয়েছে লোয়ার ম্যানহাটনের ট্রাইবেকা ও চায়না টাউনসহ নর্থওয়েস্ট ব্রুকলিনের সানসেট পার্ক ও পার্ক স্লোপ এলাকা। ল্যান্ডার পার্ক স্লোপে বসবাস করেন, আর গোল্ডম্যান থাকেন ট্রাইবেকায়।

যদিও গোল্ডম্যান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচক হিসেবে পরিচিত, তবে ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন অনেক প্রগতিশীল ডেমোক্র্যাটদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে। সম্প্রতি মেয়র নির্বাচনে প্রগতিশীল প্রার্থী জোহরান মামদানির অ্যান্ড্রু কুয়োমোর ওপর জয় পাওয়ার পর গোল্ডম্যানকে প্রগতিশীল শিবির এখন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে।

গোল্ডম্যান মামদানিকে সমর্থন দেননি, তবে নির্বাচনের পর এক বিবৃতিতে নবনির্বাচিত মেয়রকে অভিনন্দন জানিয়ে বলেন, “সব নিউইয়র্কবাসীর জীবনমান উন্নয়নে তার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানি ও ল্যান্ডারের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা ডেমোক্র্যাটিক প্রাইমারিতে একে অপরকে সমর্থন করেছিলেন, যা মামদানির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সাধারণ নির্বাচনের সময়ও ল্যান্ডার মামদানির সঙ্গে একাধিক প্রচারণা সভায় অংশ নেন এবং নির্বাচনের রাতে তার বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন।

তবে গোল্ডম্যানের বিরুদ্ধে লড়ার চিন্তা করছেন ল্যান্ডার একাই নন। সিটি কাউন্সিলের বামঘেঁষা সদস্য আলেক্সা আভিলেস, যার নির্বাচনী এলাকা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট–১০ এর অংশ, তিনিও প্রার্থী হওয়ার সম্ভাবনা বিবেচনা করছেন বলে জানিয়েছে সিটি অ্যান্ড স্টেট।

এদিকে, আগামী নির্বাচনে জেলা–১০ এর সীমারেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ডের কয়েকজন ভোটার জেলা–১১ পুনঃনির্ধারণের দাবিতে মামলা করেছেন। ওই আসনটি বর্তমানে রিপাবলিকান নিকোল মালিয়োটাকিসের দখলে রয়েছে এবং এটি নিউইয়র্ক সিটির একমাত্র রিপাবলিকান-অধ্যুষিত কংগ্রেসনাল আসন।

মামলায় বলা হয়েছে, বর্তমান সীমানা কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ করছে। যদি আদালত মামলাকারীদের পক্ষে রায় দেয়, তাহলে জেলা–১১ পুনর্নির্ধারণের ফলে সেটির কিছু অংশ গোল্ডম্যানের আসনে যুক্ত হতে পারে।

এ বিষয়ে গোল্ডম্যান এক বিবৃতিতে বলেন, “আমি আমার নিজ জেলার হয়েই নির্বাচন করব। যদি নতুন সীমানায় স্ট্যাটেন আইল্যান্ড যুক্ত হয়, তাহলে আমি গণতন্ত্র ও ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠতার লড়াই নিয়ে নিকোল মালিয়োটাকিসের দরজায় যাব।”