যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন। বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন হুমকিসূচক একটি চিঠি পেয়েছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প একাধিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে কিছু মামলা আদালতে খারিজও হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিবিসির নাম।
সম্প্রতি বিবিসির চেয়ারম্যান সমির শাহ এক সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্প একজন মামলা-প্রিয় মানুষ। তাই আমাদের সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।’ তিনি ইঙ্গিত দেন, ট্রাম্পের সম্ভাব্য মামলার বিরুদ্ধে বিবিসি প্রস্তুতি নিচ্ছে।
এরই মধ্যে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস পদত্যাগ করেছেন। বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরমা-তে প্রচারিত এক তথ্যচিত্রকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যেই তাঁদের এই পদত্যাগ ঘটে।
তথ্যচিত্রটিতে ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে তাঁর বক্তৃতার বিভিন্ন অংশ একত্র করে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার উসকানি দিচ্ছেন। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই তথ্যচিত্রটি সম্প্রচারিত হয়।
তবে বিবিসি জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং সংবাদ সম্পাদনায় কোনো ভুল হয়ে থাকলে তার জন্য দায় স্বীকার করবে। অন্যদিকে, ট্রাম্পের আইনজীবী দল বলছে, এই প্রচার ‘ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর’ এবং এটি ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।