এখন সময় ডেস্ক • প্রকাশিত: ০৪ নভেম্বার ২০২৫, ০৮:১৩ এ এম • অনলাইন সংস্করণ

ট্রাম্পের অভিযোগ, রাশিয়া-চীনসহ কয়েক দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে

ট্রাম্পের অভিযোগ, রাশিয়া-চীনসহ কয়েক দেশ গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তানসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেছেন, এসব দেশ গোপনে এমন কার্যক্রম পরিচালনা করছে যা আন্তর্জাতিকভাবে জানা যায় না।

রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পৃথিবী বিশাল—তাই এসব পরীক্ষা কোথায় হচ্ছে তা নির্ধারণ করা কঠিন। তাঁর ভাষায়, “তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে ঠিক কী ঘটছে তা কেউ জানে না। কেবলমাত্র সামান্য কম্পন অনুভব করা যায়।”

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন পারমাণবিক পরীক্ষা না করলেও অন্যান্য দেশ তা অব্যাহত রেখেছে। তিনি বলেন, “রাশিয়া পরীক্ষা করে, চীন পরীক্ষা করে, উত্তর কোরিয়া ও পাকিস্তানও করছে। তাই আমাদেরও পরীক্ষা করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট থাকাকালে তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রাগার আধুনিকায়ন করা হয়েছে। তবে তিনি স্বীকার করেন, এমন ধ্বংসাত্মক শক্তি ব্যবহারের কথা ভাবা তাঁর পক্ষে অত্যন্ত অস্বস্তিকর।

ট্রাম্প বলেন, “যদি আমাদের অস্ত্র থাকে, তবে সেগুলোর সক্ষমতা যাচাই করতে পরীক্ষা করা জরুরি। নইলে আমরা জানব না, সেগুলো বাস্তবে কতটা কার্যকর।”

২৯ অক্টোবর তিনি পেন্টাগনকে নির্দেশ দেন, যুক্তরাষ্ট্র যেন অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করে। তবে এসব পরীক্ষায় ওয়ারহেড বিস্ফোরণ ঘটবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

সূত্র: সিবিএস নিউজ