এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম • অনলাইন সংস্করণ

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত রাশিয়া

টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত রাশিয়া

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে ওয়ান্টেড তালিকাভুক্ত করেছে। সন্ত্রাসবাদ ও চরমপন্থি কর্মকাণ্ডে ব্যবহৃত টেলিগ্রামভিত্তিক বিভিন্ন চ্যানেল ও বটের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এফএসবির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, টেলিগ্রামের অসংখ্য চ্যানেল, গ্রুপ চ্যাট এবং বট ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করছে। একই সঙ্গে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে রাশিয়ার অভ্যন্তরে সন্ত্রাসবাদ, গণহত্যা এবং সাইবার অপরাধে উসকানি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে সংস্থাটি।

রাশিয়ার দাবি, এসব অ্যাকাউন্ট ও চ্যানেল নিষ্ক্রিয় করার জন্য একাধিকবার টেলিগ্রাম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তবে টেলিগ্রামের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

১৯৮৪ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জন্ম নেওয়া পাভেল দুরভ ২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা এই মেসেজিং অ্যাপটি বর্তমানে বিশ্বের অন্যতম ব্যবহৃত যোগাযোগমাধ্যম। রাশিয়ার সরকারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি দেশ ত্যাগ করেন এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাস করছেন।

পাভেল দুরভ রাশিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব ধারণ করেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, টেলিগ্রামের সাফল্যের সুবাদে তিনি বিশ্বের ধনী প্রযুক্তি উদ্যোক্তাদের একজন হিসেবে পরিচিত।