টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ মুসলিম অধিকার ও নাগরিক সংগঠন CAIR–কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার দেওয়া ঘোষণায় তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে সংগঠনটি টেক্সাসে জমি অধিগ্রহণ করতে পারবে না এবং রাজ্যের অ্যাটর্নি জেনারেল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও প্রতিষ্ঠানটি বন্ধ করতে মামলা করতে পারবেন।
অ্যাবট দাবি করেছেন, ওয়াশিংটনভিত্তিক কাউন্সিল অন আমেরিকান–ইসলামিক রিলেশনস (CAIR)–এর হামাসের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে CAIR এই অভিযোগ অস্বীকার করেছে। গভর্নর আরও বলেন, প্রমাণ না দিলেও CAIR–এর নেতৃত্ব যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন প্রতিষ্ঠা করতে চায়।
মঙ্গলবার এক চিঠিতে CAIR গভর্নরের এই ঘোষণাকে মানহানিকর বলে উল্লেখ করে জানায়, এ ধরনের অভিযোগ আইনগত বা বাস্তব কোনো ভিত্তি ছাড়াই আনা হয়েছে। সংগঠনের সরকারি বিষয়ক পরিচালক রবার্ট এস ম্যাকাও চিঠিতে লেখেন, কোনো আমেরিকান ব্যক্তি বা প্রতিষ্ঠানকে একক সিদ্ধান্তে সন্ত্রাসী ঘোষণা করার অধিকার গভর্নরের নেই এবং অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।
যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় CAIR–এর বিরুদ্ধে এর আগে কোনো অঙ্গরাজ্য গভর্নর এ ধরনের ঘোষণা দেননি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের পর এবং গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংগঠনটি বাড়তি নজরদারি ও সমালোচনার মুখে রয়েছে।