এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ০২:৩৫ পিএম • অনলাইন সংস্করণ

টিকটক ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন চুক্তি চূড়ান্ত পর্যায়ে

টিকটক ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন চুক্তি চূড়ান্ত পর্যায়ে

টিকটককে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের দীর্ঘদিনের বিরোধ অবশেষে সমাধানের পথে। দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচিত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে।

গত দুই দিন মালয়েশিয়ায় চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রবিবার মার্কিন টিভি চ্যানেল সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে বেসেন্ট বলেন, “দুই দিনের আলোচনা ছিল অত্যন্ত ফলপ্রসূ। টিকটক ইস্যুতে চীনের সঙ্গে আমাদের আলোচনার অগ্রগতি এখন প্রায় সম্পূর্ণ।”

তিনি আরও জানান, টিকটক চুক্তির প্রাথমিক কাঠামো গত মাসে স্পেনের মাদ্রিদে গঠিত হয়, যেখানে ইউরোপ সফরের সময় তিনি চীনা প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন। এই চুক্তির সূত্রপাত মূলত গত ১৯ সেপ্টেম্বর ট্রাম্পের ট্রুথ সোশ্যাল-এ দেওয়া রহস্যময় এক পোস্ট থেকে, যেখানে তিনি ‘টিকটক অনুমোদনের’ ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, গত বছর যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করার আইন পাস হয় এবং চলতি বছরের জানুয়ারিতে তা কার্যকর হওয়ার কথা ছিল। তবে ট্রাম্প প্রশাসন বারবার নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় পিছিয়ে দেয়। পরিবর্তে তারা টিকটককে আংশিকভাবে মার্কিন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে আসছিল।

চুক্তির খসড়া অনুযায়ী, টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবহারকারীদের জন্য একটি আলাদা সংস্করণ চালু করা হবে, যা পরিচালনা করবে মার্কিন বিনিয়োগকারীদের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। অন্যদিকে, টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স সেই সংস্করণে ব্যবহারের জন্য টিকটকের মূল অ্যালগরিদমের লাইসেন্স প্রদান করবে।

বেসেন্ট বলেন, “আমার দায়িত্ব ছিল চীনের কাছ থেকে লেনদেনের অনুমোদন নিশ্চিত করা। গত দুই দিনের আলোচনার পর আমি বিশ্বাস করি, আমরা সেই লক্ষ্য অর্জন করেছি।”

যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তবে টিকটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র–চীনের বছরের পর বছর চলা দ্বন্দ্ব অবশেষে একটি স্থায়ী সমাধানের পথে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা।

সূত্র: গিজমোডো