খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ এ এম • অনলাইন সংস্করণ

টানা হারের বৃত্ত ভেঙে জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস

টানা হারের বৃত্ত ভেঙে জয়ের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস

টানা ছয় ম্যাচে হারের দুঃস্বপ্ন পেছনে ফেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে তারা। নোয়াখালীর দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৯ রানেই থমকে যায় রংপুরের ইনিংস। মূলত পেসার হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়েই জয়ের বন্দরে পৌঁছায় নোয়াখালী।

ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন নোয়াখালীর দুই ওপেনার শাহাদত দিপু ও সৌম্য সরকার। তবে ব্যক্তিগত ১৪ রানে দিপুকে বোল্ড করে রংপুরকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন মোস্তাফিজ। এরপর হাবিবুর রহমান সোহানের ৩০ ও সৌম্যর ৩১ রানের ওপর ভর করে এগোতে থাকে নোয়াখালী। মাঝপথে খুশদিল শাহর স্পিন ও শেষ দিকে মোস্তাফিজের বোলিং তোপে এক বল বাকি থাকতেই ১৪৮ রানে অলআউট হয় তারা। জাকের আলী অনিক একপ্রান্ত আগলে রেখে ৩৮ রান করেন। রংপুরের হয়ে মোস্তাফিজ ও মৃত্যুঞ্জয় চৌধুরী ৩টি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতেই হাসান মাহমুদের ইনসুইংয়ে পরাস্ত হয়ে বোল্ড হন লিটন দাস। এরপর মোহাম্মদ নবীর বলে দাউইদ মালান আউট হলে চাপে পড়ে রংপুর। তৃতীয় উইকেটে ইফতিখার আহমেদ ও তাওহীদ হৃদয় ৬৩ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে জহির খান ব্যক্তিগত ৩৭ রানে ইফতিখারকে ফেরানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রংপুর।

শেষ দিকে খুশদিল শাহ ১৬ বলে ২৪ রান করে জয়ের আশা জাগিয়ে রাখলেও শেষ ওভারের নাটকীয়তায় তা আর পূর্ণ হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানেই আটকে যায় রংপুরের চাকা। নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ ৪ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। এছাড়া জহির খান ২টি উইকেট তুলে নেন। ম্যাচজয়ী বোলিং পারফরম্যান্সের সুবাদে হাসান মাহমুদ ম্যাচসেরা নির্বাচিত হন। এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলে খাতা খুললো নোয়াখালী এক্সপ্রেস।

সংক্ষিপ্ত স্কোর

নোয়াখালী এক্সপ্রেস: ১৪৮/১০ (১৯.৫ ওভার); জাকের ৩৮, সৌম্য ৩১, হাবিবুর ৩০; মোস্তাফিজ ৩/১৮, মৃত্যুঞ্জয় ৩/২৪, খুশদিল ২/২৭।

রংপুর রাইডার্স: ১৩৯/৯ (২০ ওভার); ইফতিখার ৩৭, তাওহীদ ২৯, খুশদিল ২৪, লিটন ১৫; হাসান ৪/২৬, জহির ২/২৫।

ফলাফল: নোয়াখালী এক্সপ্রেস ৯ রানে জয়ী।

ম্যাচসেরা: হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস)।