ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে টানা বর্ষণে সৃষ্ট একাধিক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ জানায়, এখনও নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। বানজারনেগারা জেলা থেকে এএফপি জানিয়েছে, গত শনিবারের ভারী বৃষ্টিতে বড় ধরনের ভূমিধস হয়, ধ্বংস হয় অন্তত ৪৮টি বাড়ি।
জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বিএনপিবি জানায়, সেনাবাহিনী, পুলিশ, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকসহ সাত শতাধিক সদস্যকে মাঠে নামানো হয়েছে। নিখোঁজদের খুঁজতে ট্র্যাকিং কুকুরও ব্যবহার করা হচ্ছে। সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, নতুন করে আরও ৭ মরদেহ উদ্ধারের পর বানজারনেগারায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন। নিরাপত্তার স্বার্থে প্রায় এক হাজার মানুষকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও ভারী বৃষ্টি ও জলাধার উপচে পড়ার কারণে নতুন ভূমিধসের ঝুঁকি রয়েছে, যা উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলতে পারে।
মধ্য জাভার সিলাকাপ জেলাতেও গত সপ্তাহে বড় ভূমিধস আঘাত হানে। সেখানে প্রাণ গেছে অন্তত ২০ জনের, নিখোঁজ রয়েছে আরও তিনজন। বানজারনেগারা থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরের এই জেলার সর্বশেষ অবস্থা এখনও হালনাগাদ করেনি স্থানীয় প্রশাসন।
জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বর্ষায় ইন্দোনেশিয়ায় নিয়মিতই ভূমিধস, হঠাৎ বন্যা ও পানিবাহিত রোগ দেখা দেয়। আবহাওয়া বিভাগ জানিয়েছে, সামনে আরও কয়েক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলতে পারে।