ঢাকা অফিস • প্রকাশিত: ৩০ ডিসেম্বার ২০২৫, ০৮:২৮ এ এম • অনলাইন সংস্করণ

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা ও তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা ও তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি

জাতিসংঘের মানবিক সহায়তা কার্যক্রমে ২ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সহায়তার তালিকায় প্রাথমিকভাবে বাংলাদেশসহ ১৭টি দেশের নাম রয়েছে। তবে এই অনুদানের পাশাপাশি বিশ্ব সংস্থাকে কঠোর সতর্কবার্তা দিয়ে ওয়াশিংটন বলেছে, হয় নিজেদের ছোট করে কার্যকর করো, নয়তো বিলুপ্তির জন্য প্রস্তুত হও। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো বৈদেশিক সহায়তার পরিমাণ কমিয়ে আনা এবং দাতা সংস্থাগুলোকে নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য করা। যদিও ট্রাম্প প্রশাসন এই ২ বিলিয়ন ডলারকে উদার অনুদান হিসেবে দাবি করছে, তবে এটি অতীতের তুলনায় অনেক কম। একসময় যুক্তরাষ্ট্র বছরে প্রায় ১৭ বিলিয়ন ডলার পর্যন্ত মানবিক সহায়তা দিত। বর্তমানের এই আমব্রেলা ফান্ড পদ্ধতি ত্রাণকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে, কারণ এর ফলে অনেক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁটের আশঙ্কা দেখা দিয়েছে।

ঘোষিত এই তহবিলের অগ্রাধিকার তালিকায় কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেনের মতো দেশ থাকলেও বাদ পড়েছে চরম সংকটে থাকা আফগানিস্তান ও ফিলিস্তিন। মার্কিন কর্মকর্তাদের মতে, ফিলিস্তিনের জন্য সহায়তা আসবে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার আওতাধীন বিশেষ তহবিল থেকে। সমালোচকরা মনে করছেন, এভাবে ঢালাও সহায়তা কমিয়ে দেওয়ায় বিশ্বজুড়ে লাখো মানুষ ক্ষুধা ও রোগের ঝুঁকিতে পড়বে, যা আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রভাবকেও ক্ষুণ্ণ করতে পারে।