যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্ডাই মোটর গ্রুপের বৈদ্যুতিক গাড়ির কারখানায় সেপ্টেম্বরের অভিবাসন অভিযানের দুই মাস পর দক্ষিণ কোরিয়ার বেশ কিছু কর্মী আবার ফিরে এসে কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে ব্যাটারি প্ল্যান্ট পরিচালনাকারী HL-GA Battery Co. জানায়, নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে এবং এতে নতুন ও পুরোনো উভয় কর্মী অংশ নিচ্ছেন। কোম্পানি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সরকারসহ জর্জিয়ার কর্তৃপক্ষকে কর্মীদের নির্বিঘ্ন প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানায়।
গত সেপ্টেম্বর ৪ তারিখে পরিচালিত অভিবাসন অভিযানে ৪৭৫ জন শ্রমিককে আটক করা হয়, যাদের মধ্যে ৩০০-র বেশি ছিলেন দক্ষিণ কোরিয়ান নাগরিক। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক কর্মকর্তারা বলেন, অনেকে মেয়াদোত্তীর্ণ ভিসা বা কর্মসংস্থান নিষিদ্ধ ভিসা ওয়েভার নিয়ে দেশে প্রবেশ করেছিলেন। আটকরা এক সপ্তাহ জর্জিয়ার একটি ডিটেনশন সেন্টারে ছিলেন। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া সরকার আলোচনার মাধ্যমে তাদের মুক্ত করে দেশে নিয়ে যায়।
ওই অভিযান যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কেও ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ দক্ষিণ কোরিয়া মার্কিন বিনিয়োগে গুরুত্বপূর্ণ অংশীদার। অভিযানের সময় প্রকাশিত শৃঙ্খলাবদ্ধ শ্রমিকদের ভিডিও দক্ষিণ কোরিয়ায় ক্ষোভ সৃষ্টি করেছিল। হুন্ডাইয়ের ৭.৬ বিলিয়ন ডলারের এই বিশাল কারখানায় বৈদ্যুতিক যান ও ব্যাটারি উৎপাদন করা হচ্ছে। HL-GA Battery হলো হুন্ডাই ও LG Energy Solution-এর যৌথ উদ্যোগ।
বেশিরভাগ আটক কর্মী ছিলেন প্রকৌশলী ও উচ্চ দক্ষতার বিশেষজ্ঞ, যারা স্বল্প সময়ের জন্য যন্ত্রপাতি স্থাপন ও বিশেষায়িত কাজ করতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। কোম্পানির মুখপাত্র মেরি বেথ কেনেডি নিশ্চিত করেছেন যে ফিরে আসা কর্মীদের মধ্যে কিছুজন সেপ্টেম্বরের অভিযানে আটক ছিলেন, যদিও সঠিক সংখ্যা জানাননি।
আটলান্টা এলাকার অভিবাসন আইনজীবী জংউন লি জানিয়েছেন, তার পরিচিত অন্তত দুইজন কোরিয়ান কর্মী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ভিসা বৈধতার নিশ্চয়তা পেয়ে ফিরে আসার পরিকল্পনা করেছেন। তবে দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের কোরিয়ান অ্যাসোসিয়েশন ফেডারেশনের সভাপতি কিহওয়ান কিম মনে করেন, অনেক কর্মী অপমানজনক অভিজ্ঞতার কারণে আর যুক্তরাষ্ট্র ফিরতে আগ্রহী নন।
দক্ষিণ কোরিয়া সরকার দক্ষ কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানায়। গত মাসে সিউল জানায়, যুক্তরাষ্ট্র স্বল্পমেয়াদি ভিসা বা ভিসা ওয়েভার প্রোগ্রামে থাকা কোরিয়ান কর্মীদের শিল্প প্রকল্পে কাজের সুযোগ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।
সেপ্টেম্বরে অভিযান নিয়ে শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আটক ব্যক্তিরা অবৈধভাবে দেশে ছিলেন। তবে অক্টোবর মাসে সিউল সফরে তিনি মন্তব্য করেন, কর্মীদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্তের বিরোধী ছিলেন তিনি।