এখন সময় ডেস্ক • প্রকাশিত: ১৪ নভেম্বার ২০২৫, ০৭:৫৩ এ এম • অনলাইন সংস্করণ

জরিপে নিউইয়র্ক গভর্নর নির্বাচনে হোকলের থেকে সামান্য পিছিয়ে স্টেফানিক

জরিপে নিউইয়র্ক গভর্নর নির্বাচনে হোকলের থেকে সামান্য পিছিয়ে স্টেফানিক

নিউইয়র্কের আসন্ন গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এলিস স্টেফানিক বর্তমান গভর্নর ক্যাথি হোকলের কাছ থেকে মাত্র ৩ শতাংশ পয়েন্ট পিছিয়ে আছেন বলে জানা গেছে এক সাম্প্রতিক জরিপে। জরিপের ফলাফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, রিপাবলিকান প্রাইমারিতে স্টেফানিক বিজয়ী হলে মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বেশ উত্তেজনাপূর্ণ।

স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান জে.এল. পার্টনার্স পরিচালিত জরিপে ৫০০ জন সম্ভাব্য ভোটার অংশ নেন। এতে দেখা যায়, এক কাল্পনিক মুখোমুখি লড়াইয়ে হোকল পান ৪৬ শতাংশ ভোট, আর স্টেফানিক পান ৪৩ শতাংশ। এখনো ১১ শতাংশ ভোটার সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন।

রিপাবলিকান প্রাইমারি দৌড়ে স্টেফানিকের অবস্থান অনেকটাই শক্তিশালী বলে জরিপে উঠে এসেছে। নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যানের চেয়ে তিনি অনেক এগিয়ে আছেন—স্টেফানিক পেয়েছেন ৭৪ শতাংশ সমর্থন, যেখানে ব্লেকম্যানের সমর্থন মাত্র ৫ শতাংশ।

৭০ বছর বয়সী ব্লেকম্যান এই সপ্তাহেই তার গভর্নর প্রার্থিতার ঘোষণা দিতে পারেন বলে সূত্র জানিয়েছে।

৯ থেকে ১০ নভেম্বর পরিচালিত এ জরিপে দেখা গেছে, নিউইয়র্কের সম্ভাব্য ভোটারদের মধ্যে মাত্র ৪০ শতাংশ গভর্নর হোকলের কর্মদক্ষতায় সন্তুষ্ট, অন্যদিকে ৫৪ শতাংশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন। অন্যদিকে, স্টেফানিক সম্পর্কে ৩৭ শতাংশ ভোটার ইতিবাচক ধারণা পোষণ করেন, আর ৩২ শতাংশের দৃষ্টিতে তার ভাবমূর্তি নেতিবাচক। জরিপের ত্রুটির সীমা ছিল ৪.৪ শতাংশ।

৪১ বছর বয়সী স্টেফানিক সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি নিউইয়র্ক গভর্নর পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন।

২০১৪ সালে নিউইয়র্কের ২১তম কংগ্রেসনাল জেলা থেকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে স্টেফানিক জাতীয় রাজনীতিতে আসেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি রিপাবলিকান পার্টির হাউস কনফারেন্স চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করলেও পরবর্তীতে কংগ্রেসে তার ভোটের প্রয়োজনীয়তার কারণে সেই মনোনয়ন প্রত্যাহার করা হয়।

তথ্যসূত্র: The Hill