এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৭ ডিসেম্বার ২০২৫, ০৬:৫২ এ এম • অনলাইন সংস্করণ

চ্যাটজিপিটির সঙ্গে বছর কেমন কাটল জানাবে ওপেনএআই

চ্যাটজিপিটির সঙ্গে বছর কেমন কাটল জানাবে ওপেনএআই

চ্যাটজিপিটিতে বছরজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে আপনার কী কী আলাপ হলো, তার সারসংক্ষেপ নিয়ে এবার হাজির হয়েছে ওপেনএআই। জনপ্রিয় মিউজিক অ্যাপ স্পটিফাই র‍্যাপডের আদলে চ্যাটজিপিটি ব্যবহারকারীরাও এখন তাদের সারা বছরের কথোপকথন এবং আইডিয়ার ঝলক দেখার সুযোগ পাবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই নতুন ফিচারের ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি নামের এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন বছরজুড়ে তারা কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বা কোন ধরনের সৃজনশীল আইডিয়া নিয়ে কাজ করেছেন। মূলত ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি এবং সেভ মেমোরি বিশ্লেষণ করে এই সংক্ষিপ্ত প্রতিবেদনটি তৈরি করবে সিস্টেমটি।

তবে এই সুবিধাটি পেতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে চ্যাট হিস্ট্রি এবং মেমোরি অপশনটি আগে থেকেই চালু থাকতে হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা এই বিশেষ ফিচারটি ব্যবহার করতে পারছেন। অন্যান্য দেশে এটি কবে নাগাদ চালু হবে সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি ওপেনএআই।

নিজের বছরের সারসংক্ষেপ দেখতে চাইলে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবহারকারীরা চ্যাটজিপিটি অ্যাপের প্লাস বাটনে ক্লিক করে নির্দিষ্ট অপশনটি বেছে নিতে পারেন। এ ছাড়া সরাসরি প্রম্পট বক্সে ইংরেজিতে বছর দেখার অনুরোধ জানালেও এই রিভিউ পাওয়া সম্ভব। তথ্যপ্রযুক্তি ভিত্তিক সংবাদমাধ্যম টেক টাইম এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।