মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। সোমবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মিয়ানমার আবাসিক প্রতিনিধি আরনো দো বাক সু চির সঙ্গে সাক্ষাৎ করেন।
সরকারি বিবৃতির সঙ্গে প্রকাশিত ছবিতে সু চিকে ওই প্রতিনিধির সঙ্গে করমর্দন করতে দেখা যায়। আরেকটি ছবিতে তাঁকে জন্মদিনের কেক কাটতে দেখা গেছে, যেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আন্টি সু’। তবে সংবাদ সংস্থা এএফপি জানায়, তারা ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। যদিও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণে ছবিগুলো সম্পাদনার কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
বর্তমানে ৮১ বছর বয়সী সু চিকে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর আটক করা হয়। চলতি বছরের এপ্রিলে জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সরকার দাবি করে, সু চিকে কারাগার থেকে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে এবং তাঁর সাজা আংশিক কমানো হয়েছে।
তবে তাঁকে রাজধানী নাইপিদোর কোথায় রাখা হয়েছে কিংবা তাঁর সাজার অবশিষ্ট মেয়াদ কত, সে বিষয়ে সরকার কোনো তথ্য প্রকাশ করেনি।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) রাজনীতি থেকে দূরে রাখতে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে আটক রাখা হয়েছে।
এদিকে প্রকাশিত ছবিগুলোর বিষয়ে আইসিআরসির আনুষ্ঠানিক মন্তব্য জানতে যোগাযোগ করেছে এএফপি।
সু চির দলের এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ছবিগুলো সত্যি হলে অন্তত নিশ্চিত হওয়া যাবে যে তিনি জীবিত আছেন।” তিনি আরও দাবি করেন, সু চিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে এবং তাঁর অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।
উল্লেখ্য, অং সান সু চিকে তাঁর সমর্থকেরা স্নেহভরে ‘আন্টি সু’ নামে সম্বোধন করে থাকেন।