এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২২ অক্টোবার ২০২৫, ০৫:৪৩ পিএম • অনলাইন সংস্করণ

গাজায় হামাসবিরোধী যুদ্ধে সেনা পাঠাতে প্রস্তুত কিছু দেশ: ট্রাম্প

গাজায় হামাসবিরোধী যুদ্ধে সেনা পাঠাতে প্রস্তুত কিছু দেশ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, “যদি হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, তাহলে মধ্যপ্রাচ্যের অনেক মিত্র দেশ ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করতে প্রস্তুত।”

ট্রাম্প কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও ইন্দোনেশিয়াকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, “মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে সহায়তার আগ্রহ দেখানোর জন্য আমি শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া ও তার নেতাকে ধন্যবাদ জানাতে চাই।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাকার্তা ও অন্যান্য দেশের সরকার গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে, তবে কোনো দেশ সরাসরি হামাসের সঙ্গে সংঘাতে যাওয়ার কথা বলেনি।

ট্রাম্প আরও বলেন, “মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা ও চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি। এখনও আশা আছে হামাস সঠিক পথে থাকবে; না হলে তাদের পতন হবে দ্রুত ও নৃশংস।”

চলতি মাসের ১০ তারিখে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রায় একশ’ ফিলিস্তিনিকে হত্যা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। গত দুই বছরে ইসরায়েল হামাসের বহু নেতা হত্যা করেছে এবং গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, যা অনেক আন্তর্জাতিক সংস্থা গণহত্যা হিসেবে অভিহিত করেছে।