এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পিএম • অনলাইন সংস্করণ

কাশ্মিরের বিক্ষোভকারীদের ‘ভারতের মতো শত্রু’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

কাশ্মিরের বিক্ষোভকারীদের ‘ভারতের মতো শত্রু’ বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জনের আন্দোলন ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, গত দুই দিনে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৩০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অসংখ্য মানুষ।

কাশ্মিরের বিভিন্ন সূত্র জানিয়েছে, গত সোমবার থেকে নির্বাচন বয়কটের ডাক দেওয়া আন্দোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। নিহতদের মধ্যে রয়েছেন জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজির।

এ ঘটনায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দেওয়া মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের বিক্ষোভকারীদের তিনি ভারতের মতোই শত্রু হিসেবে বিবেচনা করেন।

মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে তাকে আন্দোলনকারীদের সঙ্গে সরকার সংলাপে বসবে কি না, এমন প্রশ্ন করা হয়। জবাবে খাজা আসিফ বলেন, “ভারত আমাদের যে শ্রেণির শত্রু, আজাদ কাশ্মিরের বিক্ষোভকারীদেরও আমি একই শ্রেণিতে রাখি। ভারতের মতো তাদেরও আমি শত্রু হিসেবে বিবেচনা করি।”

স্থানীয় সূত্রগুলোর দাবি, গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৮০ জন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন। কয়েকটি ফুটেজে ঘটনাস্থলে আন্দোলনকারীদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।