এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ০৯:২১ পিএম • অনলাইন সংস্করণ

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

কানাডার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও কঠোর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।

ট্রাম্প জানান, সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ঘিরে কানাডার একটি “বিতর্কিত ও বিকৃত” বিজ্ঞাপন প্রচারের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, “রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতাকে বিকৃত করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। অনুমতি ছাড়াই ওই বিজ্ঞাপন প্রচার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “রোনাল্ড রিগ্যান সব সময় আমেরিকার নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে শুল্কের পক্ষে ছিলেন। কিন্তু কানাডা ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করেছে এবং বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তা সম্প্রচার করেছে। তাই অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করেছিলেন। তখনও ‘ট্রুথ সোশ্যালে’ তিনি অভিযোগ করেন, “কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে দেখানো হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও অসম্মানজনক।”

উল্লেখ্য, এর আগে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিলেন। তবে ইউএসএমসিএ (মেক্সিকো–কানাডা–মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি)–এর আওতায় থাকা কিছু পণ্য এতে ছাড় পায়। চুক্তির বাইরে কানাডীয় পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও বহাল রয়েছে—যার মধ্যে ধাতুতে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।