এশিয়া কাপ রাইজিং স্টার্সে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে হংকংকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আকবর আলীরা।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। ইনিংসের তৃতীয় বলেই রিপনের আঘাতে ফেরেন ইমরান (৪)। পরের ওভারে আরও দুই উইকেট তুলে নেন এই পেসার। রকিবুলও সমান কার্যকর ছিলেন, তিনটি উইকেট শিকার করেন তিনি। ফলে ১৬ রানে ৩ উইকেট হারানো আফগানরা আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট হয়নি। শেষ দিকে কায়েস আহমেদ করেন ১২ রান। সবশেষে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
৭৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যর্থ হন হাবিবুর রহমান সোহান (১০) ও জিসান (১০)। তবে জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে তোলেন। জাওয়াদ ২২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন, অঙ্কন খেলেন ৩০ বলে ২৭ রানের ইনিংস। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ‘এ’ দল: ৭৮ অলআউট
রকিবুল ৩ উইকেট, রিপন ৩ উইকেট
বাংলাদেশ ‘এ’ দল: ৭৯/২ (জাওয়াদ ২৪, অঙ্কন ২৭)
ফলঃ বাংলাদেশ জয়ী ৮ উইকেটে
ম্যান অব দ্য ম্যাচঃ রিপন মন্ডল