প্রকাশিত: ২১ অক্টোবার ২০২৫, ১১:০১ পিএম • অনলাইন সংস্করণ

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়

এশিয়ান যুব গেমসে বাংলাদেশের মেয়েদের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়

এশিয়ান যুব গেমসের চলমান আসরে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় পদক জয়ের স্বাদ পেল দেশ। বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল।


গেমসের ইতিহাসে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়। আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে পারেনি দেশ। তবে এবারের আসরে মেয়েদের কাবাডি দল সেই আক্ষেপ ঘুচিয়েছে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করে।


আজ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে তারা ২৫–১৮ পয়েন্টের ব্যবধানে ৭ পয়েন্টে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে দুই দলই সমানভাবে লড়াই করে ২২ পয়েন্ট করে অর্জন করে। তবুও প্রথমার্ধের ব্যবধান ধরে রেখে ৪৭–৪০ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। ম্যাচের শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশ দল।


মেয়েদের কাবাডি ইভেন্টে অংশ নিয়েছে পাঁচটি দেশ—বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেরা চারটি দল স্বয়ংক্রিয়ভাবে পদক নিশ্চিত করে। বাংলাদেশের মেয়েরা গ্রুপ পর্বে ভারত, ইরান ও থাইল্যান্ডের বিপক্ষে হেরে গেলেও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে।


এই জয়ে দেশের ক্রীড়া ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়। তরুণ এই কাবাডি দল প্রমাণ করেছে দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। তাদের এই ঐতিহাসিক অর্জন নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রেরণা জোগাবে।