ঢাকা অফিস • প্রকাশিত: ১৪ ডিসেম্বার ২০২৫, ০৮:৫৮ এ এম • অনলাইন সংস্করণ

এখন থেকে চ্যাটজিপিটির প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে অ্যাডোবির তিনটি জনপ্রিয় অ্যাপ

এখন থেকে চ্যাটজিপিটির প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে অ্যাডোবির তিনটি জনপ্রিয় অ্যাপ

ওপেনএআইয়ের সঙ্গে এক যৌথ ঘোষণার মাধ্যমে অ্যাডোবি জানিয়েছে, এখন থেকে চ্যাটজিপিটির প্ল্যাটফর্মেই ব্যবহার করা যাবে তাদের জনপ্রিয় তিনটি অ্যাপ—ফটোশপ, অ্যাডোবি এক্সপ্রেস ও অ্যাক্রোব্যাট। ব্যবহারকারীরা শুধু নির্দেশ দিলেই ছবি সম্পাদনা, ডিজাইন তৈরি কিংবা পিডিএফ নথি গোছানোর মতো কাজ চ্যাটজিপিটির মধ্যেই সম্পন্ন করতে পারবেন।

ব্যবহারকারীরা চাইলে চ্যাটজিপিটি থেকে অ্যাডোবির মূল অ্যাপে গিয়েও নিজেদের আগের কাজ চালিয়ে যেতে পারবেন। তবে চ্যাটজিপিটির ভেতরে তৈরি বা সম্পাদিত কোনো কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড বা অ্যাক্রোব্যাট অ্যাকাউন্টে সংরক্ষণ হবে না।

অ্যাডোবি জানায়, এই অ্যাপগুলো বিনা খরচে উন্মুক্ত করা হয়েছে এবং ওপেনএআইয়ের অ্যাপস এসডিকি যেসব দেশে চালু রয়েছে, সেসব দেশেই এগুলো ব্যবহার করা যাবে। আপাতত যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা এই সুবিধার বাইরে থাকছেন। প্রতিষ্ঠানটির দাবি, এই উদ্যোগের ফলে চ্যাটজিপিটির ৮০ কোটিরও বেশি বৈশ্বিক ব্যবহারকারী সরাসরি অ্যাডোবির সৃজনশীল টুলগুলোতে প্রবেশাধিকার পাচ্ছেন।

ব্যবহার শুরু করার প্রক্রিয়া

চ্যাটজিপিটিতে ফটোশপ, অ্যাক্রোব্যাট বা অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহার শুরু করতে হলে ব্যবহারকারীকে কেবল ‘Adobe Photoshop’, ‘Adobe Acrobat’ বা ‘Adobe Express’ লিখে নিজের অনুরোধ জানাতে হবে। অ্যাডোবি এক্সপ্রেস ও অ্যাক্রোব্যাট ব্যবহারের জন্য অ্যাডোবি অ্যাকাউন্টে সাইন-ইন করা জরুরি হলেও মূল ফটোশপ-সুবিধা ব্যবহার করতে আলাদা অ্যাডোবি অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এর আগে ক্যানভা, ফিগমা, কোরসেরা, এক্সপিডিয়া, স্পটিফাই, পেলোটন, ট্রিপঅ্যাডভাইজার, জিলো, বুকিং ডটকম ও ইনস্টাকার্টসহ আরও বেশ কয়েকটি অ্যাপ চ্যাটজিপিটির অ্যাপস এসডিকিতে যুক্ত হয়েছে।

ফায়ারফ্লাই এআই ও লক্ষ্য

অ্যাডোবি উল্লেখ করেছে যে তাদের ফায়ারফ্লাই এআই মডেল নিরাপদ ও লাইসেন্স করা ডেটায় প্রশিক্ষিত, যা বর্তমান এআই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির অবস্থানকে শক্তিশালী করেছে। ওপেনএআইয়ের সঙ্গে এই অংশীদারত্ব নিয়ে কিছু প্রশ্ন থাকলেও অ্যাডোবি দাবি করে, তাদের লক্ষ্য সৃজনশীল পেশাজীবীদের কাজকে আরও সহজ করা, তাঁদের ভূমিকা কমিয়ে দেওয়া নয়। স্বতন্ত্র অ্যাপ হিসেবেই অ্যাডোবি এক্সপ্রেস ও অ্যাক্রোব্যাট প্রতি মাসে ৭০ কোটির বেশি মানুষ ব্যবহার করেন। অ্যাডোবির ধারণা, চ্যাটজিপিটির মতো ব্যবহৃত সহজ প্ল্যাটফর্মে অ্যাপগুলো যুক্ত হওয়ায় নতুন ব্যবহারকারীর সংখ্যা বাড়বে এবং বিদ্যমান ব্যবহারকারীদের কাজও দ্রুত গতির হবে।

চ্যাটজিপিটিতে অ্যাপগুলোর সুবিধা

চ্যাটজিপিটিতে অ্যাডোবির অ্যাপগুলো দিয়ে যে কাজগুলো করা যাবে:

ফটোশপ ফর চ্যাটজিপিটি: ছবি সম্পাদনা, নির্দিষ্ট অংশ সংশোধন, উজ্জ্বলতা ও কনট্রাস্ট সমন্বয়, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, গ্লিচ বা গ্লোর মতো সৃজনশীল ইফেক্ট যোগ করা—এসব কাজ মূল ছবির মান বজায় রেখেই করা যাবে।

অ্যাডোবি এক্সপ্রেস ফর চ্যাটজিপিটি: ডিজাইন তৈরি ও কাস্টমাইজ, টেমপ্লেট পরিবর্তন, টেক্সট ছবি বদলানো, ব্যাকগ্রাউন্ড এবং প্রয়োজনে ডিজাইনে অ্যানিমেশন যোগ করার সুযোগ থাকবে।

অ্যাক্রোব্যাট ফর চ্যাটজিপিটি: চ্যাটজিপিটির মধ্যেই পিডিএফ আপলোড করে সম্পাদনা, সংকুচিত করা, অন্য ফরম্যাটে রূপান্তর, টেক্সট বা টেবিল আলাদা করে বের করা এবং একাধিক ফাইল একত্র করা যাবে।