এখন সময় রিপোর্ট • প্রকাশিত: ১৫ অক্টোবার ২০২৫, ০২:৫৬ এ এম • অনলাইন সংস্করণ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে সমতা নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমার্ধে এক গোল হজম করে পিছিয়ে পড়লেও, দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের দুর্দান্ত গোলের সুবাদে ১-১ ব্যবধানে ম্যাচ শেষ করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ছিল বেশ সাবধানী। দুই দলই প্রথম ১০ মিনিটে তেমন কোনো আক্রমণ সাজাতে পারেনি। ২০ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে যান সামিত সোম, কিন্তু প্রতিপক্ষ ডিফেন্ডাররা ফাউল করে তাকে থামিয়ে দেয়। পরবর্তী ফ্রি-কিকটি দেয়ালে লেগে ফিরে আসে।

এরপর ৩২তম মিনিটে ম্যাচের গতি ঘুরে যায়। বাংলাদেশি ডিফেন্ডার তারিক কাজীর ফাউলের পর রেফারি পেনাল্টির নির্দেশ দেন এবং তাকে হলুদ কার্ড দেখান। পেনাল্টি থেকে হংকং অধিনায়ক ম্যাথিউ নিশ্চিত গোল করে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে পিছিয়ে যায় লাল-সবুজের দলটি।

দ্বিতীয়ার্ধে ফিরে বাংলাদেশ আক্রমণের গতি বাড়ায়। ৬৭ ও ৬৯ মিনিটে পরপর দুটি সুযোগ পেয়েও হংকংয়ের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ফাহমিদুল ও সাদ উদ্দিন।

৭৩ মিনিটে সাদ উদ্দিনের নিখুঁত ক্রস থেকেও গোলের সুযোগ নষ্ট হয়। তবে শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে আসে প্রতীক্ষিত গোলটি। বাঁ দিক থেকে ফাহিমের ক্রসে ফাহমিদুল বল নামিয়ে দেন বক্সে, আর সেই বল জালে পাঠিয়ে দেন রাকিব হোসেন।

শেষ মুহূর্তে উভয় দলই জয়ের জন্য চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি ১-১ গোলে সমতায় শেষ হয়।

এই ড্রয়ের ফলে এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। যদিও পথ কঠিন, তবুও কাগজে-কলমে এশিয়ান কাপে খেলার আশা এখনও টিকে আছে লাল-সবুজের প্রতিনিধিদের।