এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৮ অক্টোবার ২০২৫, ১২:৪৭ এ এম • অনলাইন সংস্করণ

এআই মন্ত্রী ‘ডিয়েলা’ গর্ভবতী, জন্ম দেবে ৮৩ সন্তান: আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা

এআই মন্ত্রী ‘ডিয়েলা’ গর্ভবতী, জন্ম দেবে ৮৩ সন্তান: আলবেনিয়ার প্রধানমন্ত্রীর ঘোষণা

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এক চমকপ্রদ ঘোষণায় জানিয়েছেন, দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মন্ত্রী “ডিয়েলা” এখন “গর্ভবতী” এবং শিগগিরই “৮৩ সন্তান” জন্ম দিতে যাচ্ছে।

রবিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গ্লোবাল ডায়ালগ (BGD) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে রামা বলেন, “আমরা ডিয়েলাকে নিয়ে বড় ঝুঁকি নিয়েছিলাম এবং তা সফল হয়েছে। এখন সে ৮৩ সন্তানসহ গর্ভবতী।”

তিনি ব্যাখ্যা করেন, এই “শিশুরা” আসলে এআই সহকারী, যারা সংসদের প্রতিটি কার্যক্রম রেকর্ড করবে। সংসদ সদস্যরা অনুপস্থিত থাকলে এই সহকারীরা তাদের আলোচনার আপডেট জানাবে এবং অধিবেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে করিয়ে দেবে।

রামা রসিকতা করে বলেন, “যদি কেউ কফি খেতে গিয়ে সংসদ অধিবেশনে ফিরে আসতে ভুলে যায়, তাহলে এই শিশুরা জানিয়ে দেবে কী বলা হয়েছে এবং কাকে কী জবাব দিতে হবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের শেষ নাগাদ এই সিস্টেম সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। এতে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, “ডিয়েলা”—যার অর্থ “সূর্য”—২০২৪ সালের সেপ্টেম্বরে আলবেনিয়ার পাবলিক ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা আনতে ও দুর্নীতি রোধে এআই মন্ত্রী হিসেবে নিয়োগ পান। তিনি ই-আলবেনিয়া প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করছেন, নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সরকারি নথি সংগ্রহে সহায়তা করে আসছেন।

ডিয়েলাকে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে এক নারী অবতারে উপস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি পাবলিক টেন্ডার সিদ্ধান্তের দায়িত্বে আছেন, যা রামার দাবি অনুযায়ী “১০০ শতাংশ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত।”

এই উদ্যোগের মাধ্যমে আলবেনিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে একজন অ-মানব (এআই) মন্ত্রী নিয়োগের ইতিহাস সৃষ্টি করেছে। সম্পূর্ণ কোড ও পিক্সেল দিয়ে তৈরি এই ডিজিটাল সত্তা এখন রূপক অর্থে “৮৩ সন্তান”-এর জননী হতে চলেছেন—যা আলবেনিয়ার সংসদীয় কর্মকাণ্ডকে আরও আধুনিক ও স্বয়ংক্রিয় করতে সহায়তা করবে।