উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) আগামী বছর থেকে বহুল প্রতীক্ষিত একক পর্যটন ভিসা চালুর পরিকল্পনা করছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে একবার ভিসা নিলেই ভ্রমণকারীরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমান—এই ছয়টি দেশ ঘুরে দেখতে পারবেন।
সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খাতিব জানিয়েছেন, চার বছরের যৌথ পরিকল্পনার পর এই উদ্যোগ বাস্তবায়নের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। ভিসাটির নাম নির্ধারণ করা হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা’। এটি অনুমোদন পেলে পর্যটকরা একবার আবেদন করেই একাধিক দেশে প্রবেশের অনুমতি পাবেন। প্রাথমিকভাবে এই ভিসা পর্যটন ও পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে দেওয়া হবে।
ভিসার আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করা যাবে। আবেদনকারীরা চাইলে শুধু একটি দেশ বা একসঙ্গে ছয়টি দেশ ভ্রমণের বিকল্প বেছে নিতে পারবেন। নতুন এই ভিসার মেয়াদ এক থেকে তিন মাস পর্যন্ত হতে পারে। ধারণা করা হচ্ছে, এটি পৃথক ভিসার তুলনায় কম খরচে পাওয়া যাবে।
আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে ছয় মাস মেয়াদী পাসপোর্ট, বৈধ আবাসনের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, ভ্রমণ বিমা, আর্থিক সক্ষমতার প্রমাণ এবং ফেরার বা পরবর্তী গন্তব্যের টিকিট জমা দিতে হবে।
মন্ত্রী আল-খাতিব বলেন, উপসাগরীয় অঞ্চলে বিমান যোগাযোগ ও অভ্যন্তরীণ ভ্রমণ সুযোগ বৃদ্ধির ফলে এই উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। গত বছর উপসাগরীয় অঞ্চলের চারটি বড় এয়ারলাইনস প্রায় ১৫ কোটি যাত্রী পরিবহন করেছে, যার মধ্যে প্রায় ৭ কোটি যাত্রী শুধুমাত্র এই অঞ্চলের মধ্যেই ভ্রমণ করেছেন।
জিসিসি কর্মকর্তারা আশা করছেন, একক ভিসা চালু হলে পর্যটকদের অবস্থানকাল আরও দীর্ঘ হবে, একাধিক শহর ভ্রমণের আগ্রহ বাড়বে এবং ব্যয়ও ছয় দেশের মধ্যে সমানভাবে বণ্টিত হবে। আসন্ন মাসগুলোতে ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক আবেদন পোর্টাল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: এএফপি