এখন সময় ডেস্ক • প্রকাশিত: ৩০ জুন ২০২৬, ০৮:১৪ পিএম • অনলাইন সংস্করণ

ইতিহাসের সর্বাধিক আয়কারী বায়োপিক ‘মাইকেল'

ইতিহাসের সর্বাধিক আয়কারী বায়োপিক ‘মাইকেল'

বিশ্ব চলচ্চিত্রে বায়োপিকের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’। মুক্তির পর বিশ্বজুড়ে সিনেমাটি এখন পর্যন্ত ৯৭৭ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এর মধ্য দিয়ে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওপেনহাইমার’-এর দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে বেশি আয়কারী বায়োপিকের স্বীকৃতি অর্জন করেছে ছবিটি।

এর আগে সর্বোচ্চ আয়কারী বায়োপিক ছিল পরমাণু বোমার জনক মার্কিন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের জীবন নিয়ে নির্মিত ‘ওপেনহাইমার’। ক্রিস্টোফার নোলান পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৯৭৫ মিলিয়ন ডলার আয় করেছিল। প্রায় তিন বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল ‘মাইকেল’। একই সঙ্গে ছবিটি দ্রুত এক বিলিয়ন ডলার আয়ের ক্লাবের দিকেও এগিয়ে যাচ্ছে।

শুধু বায়োপিক নয়, সংগীতশিল্পীর জীবনভিত্তিক চলচ্চিত্রের ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়েছে ‘মাইকেল’। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ব্রিটিশ রক ব্যান্ড কুইনের কিংবদন্তি গায়ক ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’ ৯০৪ মিলিয়ন ডলার আয় করে সবচেয়ে সফল মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়েছিল। সেই অর্জনও এখন মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক এই চলচ্চিত্রের দখলে।

লায়ন্সগেটের প্রযোজনায় নির্মিত উচ্চ বাজেটের এই সিনেমা পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া। ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফর জ্যাকসন। পর্দায় মাইকেলের নাচ, কণ্ঠ, চলাফেরা এবং মঞ্চ উপস্থিতি নিখুঁতভাবে ফুটিয়ে তোলায় দর্শক ও সমালোচক উভয়েরই প্রশংসা কুড়িয়েছেন তিনি।

চলচ্চিত্রটি কেবল মাইকেল জ্যাকসনের অসাধারণ সাফল্যের গল্পই তুলে ধরেনি, বরং তাঁর ব্যক্তিজীবনের নানা সংকট, বিতর্ক, নিঃসঙ্গতা ও মানসিক লড়াইও সমান গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেছে। বিশ্বসংগীতে তাঁর অসামান্য প্রভাব এবং প্রতিকূলতার মধ্যেও কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা চলচ্চিত্রটির অন্যতম শক্তিশালী দিক হিসেবে বিবেচিত হচ্ছে।