এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৩ অক্টোবার ২০২৫, ১০:৫২ পিএম • অনলাইন সংস্করণ

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি আনতে মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ এই নিষেধাজ্ঞায় রাশিয়ার শীর্ষ দুটি তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। খবর বিবিসির।

বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি যখনই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলি, আলোচনা ভালো হয়, কিন্তু এরপরও তারা তাদের অবস্থান পরিবর্তন করে না।”

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউক্রেনে চলমান এই “অর্থহীন যুদ্ধ” বন্ধে রাশিয়ার অনীহার কারণেই নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, রাশিয়ার এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের “যুদ্ধযন্ত্রে অর্থ সরবরাহের” মাধ্যমে সংঘাতকে দীর্ঘায়িত করছে।

এক বিবৃতিতে বেসেন্ট জোর দিয়ে বলেন, “এখনই সময় হত্যাযজ্ঞ বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার।”

এদিকে একই দিনে ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার বিরুদ্ধে তাদের ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে। নতুন এ নিষেধাজ্ঞায় রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ইইউর ঘোষণায় বলা হয়, নিষেধাজ্ঞা দুটি ধাপে কার্যকর হবে—স্বল্পমেয়াদি চুক্তিগুলো আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে এবং দীর্ঘমেয়াদি চুক্তিগুলো ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই যৌথ পদক্ষেপ মস্কোর অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করবে, যা ইউক্রেন যুদ্ধের গতি প্রকৃতিতে নতুন মোড় আনতে পারে।