এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২১ নভেম্বার ২০২৫, ০৫:৪০ এ এম • অনলাইন সংস্করণ

ইউক্রেন–রাশিয়া যুদ্ধ থামাতে ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা অনুমোদন

ইউক্রেন–রাশিয়া যুদ্ধ থামাতে ট্রাম্পের ২৮ দফা পরিকল্পনা অনুমোদন

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ২৮ দফা একটি শান্তি পরিকল্পনা অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে এক ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পরিকল্পনাটি উভয় পক্ষের নিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে। কর্মকর্তার ভাষায়, ইউক্রেনের প্রয়োজন ও চাহিদা পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে তিন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তির কাঠামো এখনো ইউক্রেনের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি। জানা গেছে, সেনা সচিব ড্যানিয়েল ড্রিসকলের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল বুধবার কিয়েভ সফর করেছে। সফরের উদ্দেশ্য ছিল সামরিক কৌশল ও প্রযুক্তি নিয়ে আলোচনা এবং শান্তি প্রক্রিয়া পুনরায় চালুর প্রচেষ্টায় সহায়তা করা। এক মার্কিন কর্মকর্তা এই সফরকে হোয়াইট হাউসের শান্তি আলোচনায় ফিরে আসার অংশ হিসেবে আখ্যা দেন।

ইউক্রেন সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, পরিকল্পনা তৈরিতে ইউক্রেনকে সম্পৃক্ত করা হয়নি। শুধু প্রস্তাবের সারাংশ জানানো হলেও বিস্তারিত ব্যাখ্যা বা মতামত চাওয়া হয়নি। সূত্র আরও জানায়, ইউক্রেনীয় কর্মকর্তারা প্রস্তাবটির সময়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, গণমাধ্যমে আলোচিত সম্ভাব্য চুক্তি সম্পর্কে রাশিয়া এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরকারি চ্যানেলে কোনো তথ্য পায়নি।