এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০৯:২৫ পিএম • অনলাইন সংস্করণ

ইউক্রেনে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা

ইউক্রেনে অস্ত্র সহায়তা বন্ধে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার কড়া বার্তা

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা ‘অগ্রহণযোগ্য’ বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে তিনি এ অবস্থানের কথা জানান।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রায় ৩৫ মিনিটের এ বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে ল্যাভরভ যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করেন। তিনি বলেন, কিয়েভকে অস্ত্র সরবরাহ সংঘাতকে দীর্ঘায়িত করছে এবং এটি গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে রাশিয়ার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন ল্যাভরভ। তিনি আলাস্কায় হওয়া সমঝোতাগুলোর প্রতি মস্কোর প্রতিশ্রুতির বিষয়ও উল্লেখ করেন।

বৈঠকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তা উঠে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

পাল্টাপাল্টি হামলায় নিহত ৭

এদিকে চলমান যুদ্ধে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় বৃহস্পতিবার অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইউক্রেনের ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোগ্রাদ শহরে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তিনজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অপরদিকে ইউক্রেনের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অভ্যন্তরে এবং ক্রেমলিন-নিয়ন্ত্রিত অঞ্চলে তিন বছরের এক শিশুসহ চারজন নিহত হয়েছেন।

সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশেই বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনাও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুদ্ধের তীব্রতা বাড়তে থাকলেও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। ম্যানিলায় রুবিও-ল্যাভরভ বৈঠককে দুই দেশের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।