এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২৬ অক্টোবার ২০২৫, ১০:৩৬ পিএম • অনলাইন সংস্করণ

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন ট্রাম্প

আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন ট্রাম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এটি তার সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর। পাঁচ দিনের এই সফরে তিনি মালয়েশিয়ার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়াও সফর করবেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ান’ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে জানান, তিনি মালয়েশিয়ায় যাচ্ছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে একটি “বড় শান্তিচুক্তি” সই অনুষ্ঠানে অংশ নিতে। তার ভাষায়, “গুরুত্বপূর্ণ এই আয়োজনে যেন সবাই থাকতে পারেন, সে জন্যই আমি পৌঁছানোর পরপরই চুক্তিটি সই করা হবে।”

উল্লেখ্য, থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিতের মৃত্যুর কারণে থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল চুক্তি সইয়ের সময় এগিয়ে আনার অনুরোধ জানান। ফলে দিনের পরবর্তী সময়ে অনুষ্ঠানের কথা থাকলেও ট্রাম্প পৌঁছানোর পরই তা সম্পন্ন হবে।

কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান সম্মেলনে মার্কিন শুল্কনীতি, বিরল খনিজ পদার্থের বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা–সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্প থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই অনুষ্ঠানে সভাপতিত্বও করবেন।

আসিয়ান সম্মেলনকে ঘিরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ সফরের মাধ্যমে এশিয়ায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতি আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে ট্রাম্প প্রশাসন।

তথ্যসূত্র: আল জাজিরা