অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চলতি আসরে ফেভারিট হিসেবে নাম লিখিয়েছিল আর্জেন্টিনা। তবে আফ্রিকার শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মরক্কো সেমিফাইনাল পেরিয়ে ফাইনালেও দেখিয়েছে দারুণ দাপট। চিলির সান্তিয়াগোয় অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ২–০ গোলে জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ট্রফি জিতেছে মরক্কো।
১৮ বছর পর ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হলো না আর্জেন্টিনার তরুণ ফুটবলারদের। ফাইনালের দুই গোলই এসেছে ইয়াসির জাবিরির পা থেকে। টুর্নামেন্টের ইতিহাসে এটাই মরক্কোর প্রথম কোনো বয়সভিত্তিক বিশ্বকাপ শিরোপা। আফ্রিকা মহাদেশের দেশ হিসেবে এর আগে শুধু ঘানা ২০০৯ সালে এই ট্রফি জিতেছিল।
ম্যাচের শুরুতেই আর্জেন্টিনাকে চাপে ফেলে দেয় মরক্কো। ১২ মিনিটে গোলরক্ষক সান্তিনো বারবি ফাউল করলে ফ্রি কিক পায় মরক্কো, আর সেই ফ্রি কিক থেকেই দলকে এগিয়ে দেন জাবিরি। এরপর ২৯ মিনিটে ডি-বক্সের ডান দিক থেকে মাম্মার ক্রস ধরে ভলিতে জাল খুঁজে নেন এই মরক্কান ফরোয়ার্ড।
ফাইনালের দুই গোলসহ পুরো টুর্নামেন্টে জাবিরির গোল সংখ্যা দাঁড়ায় ৫টি, যা যৌথভাবে সর্বোচ্চ। যদিও গোল্ডেন বুট জিতেছেন যুক্তরাষ্ট্রের বেঞ্জামিন ক্রেমাসকি; তিনিও ৫ গোল করেছেন, তবে ২টি অ্যাসিস্ট থাকায় পুরস্কারটি তাঁর ঝুলিতে গেছে। মরক্কোর ওথমান মাম্মা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার—গোল্ডেন বল।