আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৬ সালে এক বৈপ্লবিক উৎসবের প্রস্তুতি নিচ্ছেন টাইমস স্কয়ারের আয়োজকরা। ১৯০৭ সালে বর্ষবরণের ঐতিহ্য শুরু হওয়ার পর এই প্রথমবার বছরজুড়ে দুইবার বল ড্রপ অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। আগামী ৩ জুলাই আমেরিকার আড়াইশ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হবে।
এই গ্রীষ্মকালীন উৎসবের একটি আগাম ঝলক দেখা যাবে আগামী ১ জানুয়ারি রাত ১২টা ৪ মিনিটে। নিয়মিত বর্ষবরণ অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী গান পরিবেশনার পরপরই বিশেষ এই পর্বটি শুরু হবে। এই সময়ে টাইমস স্কয়ারের বিখ্যাত বলটি লাল, সাদা এবং নীল রঙে উজ্জ্বল হয়ে উঠবে এবং দুই হাজার পাউন্ড দেশাত্মবোধক কনফেটি ছিটানো হবে। টেলিভিশন চ্যানেলগুলোতে সেই মুহূর্তে আমেরিকা টার্নস ২৫০ শিরোনামে একটি বিশেষ ভিডিও প্রদর্শিত হবে এবং অনুষ্ঠানটি শেষ হবে আমেরিকা দ্য বিউটিফুল গানের সাথে বর্ণিল আতশবাজির মাধ্যমে।
আমেরিকা২৫০ নামক একটি নির্দলীয় সংস্থা কংগ্রেসের পক্ষ থেকে এই বিশেষ বার্ষিকী উদযাপনের পরিকল্পনা করছে। সংস্থাটির চেয়ারপারসন রোজি রিওস জানান, এটি সাধারণ কোনো সম্প্রচার নয় বরং মানুষের কল্পনার চেয়েও বিশাল কিছু হতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে তারা আমেরিকার ৩৫০ মিলিয়ন মানুষকে এই উৎসবে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন।
টাইমস স্কয়ার অ্যালায়েন্স এবং ওয়ান টাইমস স্কয়ারের মালিকানাধীন জেমসটাউন এলপি এই আয়োজনে সরাসরি অংশীদার হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মাইকেল ফিলিপস জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি থেকে শুরু করে চাঁদে অবতরণ পর্যন্ত বিশ্বের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো উদযাপনের কেন্দ্রবিন্দু ছিল টাইমস স্কয়ার। ২০২৬ সালের এই উদযাপনও সেই ঐতিহ্যের অংশ হয়ে থাকবে।
উৎসবের অংশ হিসেবে এ বছরের বর্ষবরণে কনস্টেলেশন বল নামে একটি নতুন নকশার বল ব্যবহার করা হবে, যাতে বিশেষ ক্রিস্টাল ও মোর্স কোড বার্তা থাকবে। তবে ৩ জুলাইয়ের জন্য নির্ধারিত বিশেষ আমেরিকা২৫০ বলটির নকশা ৩১ ডিসেম্বর মধ্যরাতের ঠিক আগমুহূর্তে উন্মোচন করা হবে।