আমেরিকার খাদ্য সহায়তা কর্মসূচি বা স্ন্যাপ (SNAP) প্রকল্পে ২০২৬ সাল থেকে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগ সম্প্রতি নতুন কিছু বিধিনিষেধ অনুমোদন করেছে যা মূলত কম পুষ্টিকর খাবার কেনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে। মার্কিন কৃষি সচিব ব্রুক এল রলিন্স জানিয়েছেন, নতুন করে আরও ছয়টি স্টেটের আবেদন মঞ্জুর করা হয়েছে যার ফলে এখন পর্যন্ত মোট ১২টি স্টেটে এই কঠোর নিয়ম কার্যকর হতে যাচ্ছে।
নতুন এই নিয়মের আওতায় সুবিধাভোগীরা স্ন্যাপ কার্ড দিয়ে অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, ক্যান্ডি, এনার্জি ড্রিংক এবং অন্যান্য অস্বাস্থ্যকর পণ্য কিনতে পারবেন না। আইডাহো, ইউটাহ, ইন্ডিয়ানা, আইওয়া, আরকানসাস, ফ্লোরিডা, ওকলাহোমা এবং টেক্সাসের মতো স্টেটগুলো ইতিমধ্যে এই তালিকায় যুক্ত হয়েছে। তবে স্টেটভেদে নিষিদ্ধ পণ্যের তালিকা এবং সময়সীমায় কিছু ভিন্নতা থাকতে পারে। ২০২৫ সালের অক্টোবরে সরকারি অচলাবস্থার পর থেকে চলমান বাজেট এবং খামার বিল আলোচনার অংশ হিসেবে এই পরিবর্তনগুলো আনা হয়েছে।
২০২৫ সালের জুলাই মাসে স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল নামের একটি আইনের মাধ্যমে এই কর্মসূচির কাজের শর্তাবলীতেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ৬৪ বছর বয়স পর্যন্ত ব্যক্তিদের জন্য প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ বা প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই নিয়মে অনেক ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও এখন সেই সুযোগ কমিয়ে আনা হয়েছে।
এছাড়া এই প্রকল্পের প্রশাসনিক ব্যয়ভার বহনের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। বর্তমানে স্টেটগুলো প্রায় ৫০ শতাংশ ব্যয় বহন করলেও নতুন আইন অনুযায়ী ভবিষ্যতে এই ব্যয়ের ৭৫ শতাংশই স্টেটগুলোকে বহন করতে হবে। মূলত খাদ্য সহায়তার মান উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।