প্রকাশিত: ২৫ অক্টোবার ২০২৫, ০৫:৪৩ এ এম • অনলাইন সংস্করণ

আত্মসচেতনতা ও আত্মার প্রত্যাবর্তন

আত্মসচেতনতা ও আত্মার প্রত্যাবর্তন

মানুষ যখন নিজের ভেতরের আলোকবিন্দুটিকে হারিয়ে ফেলে, তখন ইতিহাসও অন্ধকার হয়ে যায়। সভ্যতা যতই পরিপূর্ণতা দাবি করুক, নৈতিক শূন্যতা তাকে ধীরে ধীরে শূন্য করে ফেলে। কুরআনের এক আয়াত তখন নিঃশব্দে কানে ফিসফিস করে “আর তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে। ফলে তিনি তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন।” (হাশর ১৯)। এখানে কেবল ধর্মীয় সাবধানবাণী নয়, আছে এক গভীর অস্তিত্বদর্শন। যে মানুষ আল্লাহকে ভুলে যায়, সে নিজের সত্তাকেও হারায়। সে তখন পথহারা ভ্রমণকারীর মতো, নিজের গন্তব্য ও মানচিত্র দুটোই হারিয়ে ফেলে।

কুরআন এক আকাশভেদী আয়না। যেখানে মানুষ তার হারানো মুখটি দেখতে পারে। সরা হাসরের শেষ রুকুটিতে তা আরো স্পষ্ট। এই সূরাটি মূলত বনি নযীর ইহুদিদের নির্বাসনের ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ। কিন্তু শেষ রুকুটি ইতিহাসের কাহিনি নয়, এটি আত্মার কাহিনি। এখানে যুদ্ধের গল্প নেই, আছে হৃদয়ের পুনর্জন্মের আহ্বান। কুরআনের ভাষা হয়ে ওঠেছে এক অন্তর্মুখী ফিসফিসানি “হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় করো, এবং প্রত্যেক প্রাণ যা আগামী দিনের জন্য প্রেরণ করছে তা লক্ষ্য করুক” (হাশর ১৮)।

এই আয়াত মানবজীবনের এক চূড়ান্ত রূপক। মানুষ তার প্রতিটি দিন, প্রতিটি চিন্তা, প্রতিটি সিদ্ধান্তের মাধ্যমে আসলে কিছু না কিছু পাঠিয়ে দিচ্ছে নিজের ভবিষ্যতের দিকে। সেই অনন্ত দিনের দিকে, যাকে বলে আখিরাত। এখানে ভয় মানে কেবল ভীত থাকা নয় বরং তা এক নৈতিক সচেতনতা, যা মানুষকে নিজের কাজের দায়বদ্ধতায় ফিরিয়ে আনে। আল্লাহ যেন বলছেন, তোমরা আজই হিসাব করো, বিচার হওয়ার আগে। আজই চিনে নাও, কোন পথে তোমার আত্মা যাত্রা করছে।

কুরআনের ভাষা কখনো আদালতের মতো কঠোর হয়, আবার কখনো প্রেমিকের আহ্বানের মতো কোমল হয়। “তোমরা আল্লাহকে ভয় করো” এ বাক্যটি উভয় অর্থে বলা। এতে যেমন সতর্কতা আছে, তেমনই আছে স্নেহের গভীরতা। এটি এমন এক আহ্বান, যা মানুষকে তার নিজের কাছেই ফিরিয়ে আনে। কারণ যে মানুষ আল্লাহকে স্মরণ করে, সে আসলে নিজেকেই পুনরুদ্ধার করে আর যে তাঁকে ভুলে যায়, সে নিজের মধ্যেই নির্বাসিত হয়।

এই নির্বাসনই মানব ইতিহাসের সবচেয়ে বড় শাস্তি। এমন নির্বাসিত মানুষেরা একদিন পৃথিবী দখল করে ফেলে, কিন্তু হৃদয় হারিয়ে ফেলে। তারা রাজত্ব করে, কিন্তু শান্তি পায় না। তারা গান গায়, কিন্তু আত্মার সুর শোনে না। এ কারণেই আল্লাহ বলেন—“জাহান্নামের অধিবাসী ও জান্নাতবাসী সমান হতে পারে না, জান্নাতবাসীরাই সফল।” (হাশর ২০)। জান্নাত মানে কেবল কোনো স্থান নয়, এটি এক অবস্থান। যেখানে আত্মা শান্তিতে, বিবেক মুক্তিতে, হৃদয় আল্লাহর নিকটে অবস্থান করে।

এরপর আসে এক অতল রূপক “যদি আমি এই কুরআনকে কোনো পর্বতের ওপর অবতীর্ণ করতাম, তবে তুমি দেখতে সে আল্লাহভয়ে বিনীত হয়ে ছিন্নভিন্ন হয়ে যেত।” (হাশর ২১)। পর্বত, যা দৃঢ়তার প্রতীক, তা-ও যদি কুরআনের মহিমা অনুভব করত, বিনত হয়ে যেত। অথচ মানুষ, যার অন্তর কাদা ও রক্তের, সে কেমন করে এত কঠিন হয়ে ওঠে! এই আয়াত যেন এক আধ্যাত্মিক বিদ্যুৎ, যা হৃদয়ের অন্ধকারকে মুহূর্তে আলোকিত করে। কুরআন এখানে কোনো বই নয়, এটি এক মহাজাগতিক স্পন্দন। যে স্পন্দন স্পর্শ করলে পাথর কাঁদে, বৃক্ষ সিজদা দেয়, পর্বত বিনত হয়। কিন্তু মানুষ? সে অনেক সময় শুধু উচ্চারণ করে, অনুভব করে না। তাই বলা যায়, মানুষ কুরআনকে না বুঝে মুখস্থ করতে পারে, কিন্তু হৃদয়ে ধারণ করতে পারে না যতক্ষণ না সে নিজের হৃদয়কে পর্বতের মতো বিনত করে।

সুরা হাসরের শেষ তিন আয়াত যেন এক আলোকসোপান। যেখানে আল্লাহর নামগুলো একে একে আত্মাকে দীপ্ত করে তোলে। “তিনিই আল্লাহ, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি জানেন অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু… তিনিই রাজাধিপতি, পবিত্র, নিরাপত্তাদাতা, রক্ষাকারী, পরাক্রমশালী, সংশোধনকারী, গর্বিত… তিনিই সৃষ্টিকর্তা, রূপদাতা, নকশাকার, তাঁরই সমস্ত সুন্দর নাম।” (হাশর ২২–২৪)। এই নামগুলো কোনো ধর্মীয় তালিকা নয়, এটি এক সত্তার রূপকথা। আল্লাহর প্রতিটি নাম মানুষকে নিজের সীমা মনে করিয়ে দেয়। মানুষ যতই শক্তিশালী হোক, সে কেবল প্রতিনিধি। আল-মালিক কেবল তিনিই। শান্তি আসতে পারে না যতক্ষণ মানুষ আল্লাহর স্মরণে নিজেকে সঁপে না দেয়, কারণ সালাম কেবল তাঁরই নাম।

এই আয়াতগুলোতে আল্লাহর নামের ধ্বনি যেন এক মহাজাগতিক সিম্ফনি। প্রতিটি নাম আলাদা এক তরঙ্গ। আল-খালিক বলেন, আমি সৃষ্টি করেছি। আল-বারি বলেন, আমি সুসামঞ্জস্যে গঠন করেছি। আল-মুসাওয়ার বলেন, আমি তাকে রূপ দিয়েছি- এই তিনটি নাম যেন অস্তিত্বের ত্রয়ী সত্য। মানুষ তার দেহ, আত্মা ও বুদ্ধি নিয়ে যে সুন্দর ভারসাম্যে দাঁড়িয়ে আছে, সেটিই আসলে ঐশী পরিকল্পনার প্রকাশ। তাই এই আয়াতগুলো শুধু আল্লাহর পরিচয় নয়, এটি মানুষের আত্ম পরিচয়েরও আয়না।

সুরা হাসরের শেষ রুকু তাই ইতিহাস থেকে আত্মার দিকে, আত্মা থেকে আল্লাহর দিকে এক যাত্রাপথ। এখানে মুমিনকে বলা হয়েছে: আল্লাহকে স্মরণ করো, যেন নিজেকে হারিয়ে না ফেলো। নিজের ভবিষ্যতের হিসাব রাখো, যেন বিচার দিবসে বিস্ময়ে পাথর না হয়ে যাও। কুরআনকে অন্তরে ধারণ করো, যেন হৃদয় বিনত হয়ে ওঠে। আর আল্লাহর নাম স্মরণ করো, যেন সত্তা আলোয় ভরে যায়।

সুরা হাসরের শেষ রুকুর প্রতিটি আয়াত এক একটি পরামর্শ নয়, বরং এক একটি আধ্যাত্মিক নকশা। এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য নয় বরং তাকে জাগিয়ে তোলার জন্য। মানুষ যেন বোঝে তার অস্তিত্ব কেবল দেহে নয় বরং মনে, আত্মায় এবং তার সেই আত্মার মূলেই আছে আল্লাহর নূর।

আজ পৃথিবী যখন অতি-প্রযুক্তির যুগে প্রবেশ করেছে তখন মানুষ আরো গভীরভাবে হারাচ্ছে সেই নূরকে। সে গণনায় পারদর্শী, কিন্তু আত্মসমালোচনায় অন্ধ। সে দৌড়াচ্ছে সামনের দিকে, কিন্তু জানে না কোথায় যাচ্ছে। এই প্রেক্ষাপটে সুরা হাসরের শেষ রুকু যেন সময়ের প্রতি এক চিরন্তন আহ্বান: হে মানুষ, থামো। নিজেকে দেখো। মনে রেখো, তুমি নির্বাসিত নও, তুমি একদিন ফিরবে তোমার প্রভুর দিকে যিনি বলেছিলেন “আমি তোমার রব নই কি?” আর তুমি বলেছিলে “হ্যাঁ, আমরা সাক্ষ্য দিচ্ছি।”

মানবজীবনের সমস্ত সংকট, ভয়, অনিশ্চয়তা ও নৈতিক বিভ্রান্তির ভেতর এই আয়াতগুলো যেন এক অনন্ত জ্যোৎস্না ছড়িয়ে দেয়। কারণ, যে মানুষ আল্লাহকে স্মরণ করে, সে আসলে নিজের ভেতরের নির্বাসন থেকে মুক্তি পায়। তার আত্মা আবার জেগে ওঠে, হৃদয় আবার কোমল হয়ে যায়, আর জীবনের প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে এক আল্লাহ স্মরণের সুর।

এভাবেই সুরা হাসরের শেষ রুকু আমাদের শেখায়: আল্লাহকে ভয় করা মানে তাঁকে ভালোবাসা, কুরআনকে পড়া মানে নিজেকে চিনে ফেলা, আর তাকওয়া মানে সময়ের আগে নিজের বিচার করা। এই তিনটি জ্ঞানের সম্মিলনেই মানুষ তার প্রকৃত স্বাধীনতা খুঁজে পায়, তার আত্মা ফিরে পায় ঘরে ফেরার নিশ্চয়তা।

তখন পৃথিবীর সব ভয়, বিভ্রান্তি, অন্যায় ও লোভের ভেতর থেকেও সে বলতে পারে- আমি নির্বাসিত নই, আমি আল্লাহর পথে, আল্লাহর আলোয়, আল্লাহর স্মরণে।