এখন সময় ডেস্ক • প্রকাশিত: ২২ নভেম্বার ২০২৫, ০৫:১৫ এ এম • অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে, মেটার উদ্বেগ

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পথে, মেটার উদ্বেগ

অস্ট্রেলিয়ায় শিশু-কিশোরদের মানসিক বিকাশে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। অবাধ ইন্টারনেট ব্যবহারের ফলে অপ্রাপ্তবয়স্কদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনাও বাড়ায় দেশটি কঠোর আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে মেটাকে ১৬ বছরের নিচে সব অ্যাকাউন্ট বন্ধ করতে ১০ ডিসেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সরকার।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এই সিদ্ধান্তে উদ্বেগ জানালেও নির্ধারিত সময়ের মধ্যেই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ইতোমধ্যে ১৩ থেকে ১৫ বছর বয়সী হিসেবে শনাক্ত হওয়া অস্ট্রেলিয়ান ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ছাড়ার নোটিশ দিতে শুরু করেছে।

সরকার জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ সব প্ল্যাটফর্মকে ১০ ডিসেম্বরের মধ্যে ১৬ বছর বা তার কম বয়সী ব্যবহারকারী বাদ দিতে হবে। তা না হলে মেটাকে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে।

মেটা বলছে, ৪ ডিসেম্বর থেকে ১৬ বছরের নিচে নতুন অ্যাকাউন্ট খোলা বন্ধ করা হবে এবং বিদ্যমান অ্যাকাউন্টগুলো ধীরে ধীরে স্থগিত করা হবে। তারা আশা করছে, সময়সীমা শেষ হওয়ার আগেই সব অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীকে সরানো সম্ভব হবে। যদিও প্রতিষ্ঠানটির যুক্তি, কিশোরদের তাদের সামাজিক পরিমণ্ডল থেকে বিচ্ছিন্ন করা কোনো বাস্তবসম্মত সমাধান নয়।

সরকারের এই কঠোর সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিশু অধিকারবিষয়ক বৃহত্তম সংগঠন 'দ্য অস্ট্রেলিয়ান চাইল্ড রাইটস টাস্কফোর্স' আইনের সমালোচনা করেছে। তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের দাবি, এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয়।