চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে আজ এক দারুণ জয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের কিশোররা। গ্রুপ ‘এ’-এর শক্তিশালী প্রতিপক্ষ বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের জার্সিধারীরা, যা এই টুর্নামেন্টে তাদের টানা চতুর্থ জয়।
এর আগে তিমুর লেস্তের বিপক্ষে ৫-০, ব্রুনাইয়ের বিপক্ষে ৮-০ এবং শ্রীলংকার বিপক্ষে ৫-০ গোলে বড় জয় পেয়েছিল নাজমুল হুদা ফয়সালরা। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আগামী ৩০ নভেম্বর গ্রুপ পর্বের পঞ্চম ও শেষ ম্যাচে স্বাগতিক চীনকে হারাতে পারলেই সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে খেলবে তারা।
বাহরাইনের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বাংলাদেশের ছেলেরা। প্রথমার্ধে ফয়সাল, রিফাত ও অপু বেশ কিছু সুযোগ তৈরি করেন। ২০ ও ২৮ মিনিটে ফরোয়ার্ড রিফাত কাজী দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু লক্ষ্যভেদ করতে পারেননি। ৩৪ মিনিটে বাহরাইন চাপ সৃষ্টি করলেও গোলরক্ষক আলিফ রহমানের অসাধারণ সেভ এবং ডিফেন্ডার কামালের গোললাইন ক্লিয়ারে রক্ষা পায় বাংলাদেশ। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধের খেলা জমে ওঠে আরও বেশি। ৪৭ মিনিটে মানিকের ক্রসে রিফাতের শট ঠেকিয়ে দেন বাহরাইনের গোলরক্ষক। তবে ম্যাচের ৫৯ মিনিটে অবশেষে আসে সেই বহু কাঙ্ক্ষিত সাফল্য। সাব্বিরের লং থ্রো থেকে সুযোগ কাজে লাগিয়ে ‘সুপার সাব’ বায়েজিত দারুণ শটে গোল করে লাল-সবুজকে এগিয়ে নেন। এর ৬ মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়। যদিও সেই যাত্রায় রিফাত ও রিবাউন্ডে বায়েজিতকে থামান বাহরাইন গোলরক্ষক। ৬৮ মিনিটে আরও একবার রিফাতের শট ফিরিয়ে দেন তিনি।
কিন্তু ৭২ মিনিটে আর পারেননি বাহরাইন গোলরক্ষক। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে মানিক দূর থেকে এক চমৎকার লং শটে দলের দ্বিতীয় গোলটি করেন। এটি নিঃসন্দেহে এই গ্রুপের অন্যতম সেরা গোল।
৮৫ মিনিটে এক গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল বাহরাইন। তবে শেষ পর্যন্ত আর কোনো সুযোগ না দিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশের যুবারা। পুরো ম্যাচে আক্রমণে ধারাবাহিকতা, মধ্যমাঠের সৃজনশীলতা এবং রক্ষণভাগে আত্মবিশ্বাসী পারফরম্যান্সে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে বাংলাদেশের কিশোররা।