খেলাধুলা ডেস্ক • প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৫ এ এম • অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত: বিসিবির চরম সিদ্ধান্ত

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত: বিসিবির চরম সিদ্ধান্ত

ক্রিকেটারদের অনড় অবস্থানে অনিশ্চয়তার মুখে পড়ল দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে খেলোয়াড়রা খেলা বর্জনের ডাক দিলে বৃহস্পতিবার বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক ইফতেখার আহমেদ মিঠু সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত বিসিবি পরিচালক নাজমুল ইসলামের একটি মন্তব্যকে কেন্দ্র করে, যা ক্রিকেটারদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তার পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা আলটিমেটাম দিলে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস মাঠে নামেনি। উদ্ভূত পরিস্থিতিতে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেন বিসিবি সভাপতি। তবে ক্রিকেটাররা তাদের দাবিতে অটল থেকে পূর্ণ পদত্যাগ দাবি করায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত হয়।

বোর্ড সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী সভাপতির বিশেষ ক্ষমতাবলে নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমানে বিসিবি সভাপতি নিজেই এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তবে তাতেও বরফ গলেনি। শেষ পর্যন্ত ক্রিকেটাররা মাঠ না ফেরায় লিগ স্থগিতের মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বোর্ড।

ক্রিকেটারদের এই নজিরবিহীন বিদ্রোহ বিপিএলের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতির সুষ্ঠু সমাধানে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে সমঝোতার অপেক্ষায় রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা।